আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে

বিনোদন রিপোর্টার

নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে

দেশে বাজিমাত করে অস্ট্রেলিয়া হয়ে এবার ‘দম’ সিনেমা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ১০ এপ্রিল থেকে ঈদের এই সিনেমাটি নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।

শাকিল বলেন, আগামী ১০ এপ্রিল নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাবে ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডায় মুক্তি দেওয়া হবে ‘দম’। হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। এটি হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।’

বিজ্ঞাপন

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘দম’। বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার আকুতি ও মানবিক গল্পের সিনেমা ‘দম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী; তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। সিনেমার বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পেয়েছে শুধু মাল্টিপ্লেক্সে।

এই সিনেমার বিশেষ আকর্ষণ কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের প্লেব্যাক করার ঘটনা। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য গেয়েছেন। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি ‘ইউ’ গ্রেডে সনদ পায়। অর্থাৎ সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী। নির্মাতা রেদওয়ান রনি এই সিনেমা দিয়ে প্রায় দশ বছর পর বড় পর্দায় ফিরেছেন।

তিনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকরা গ্রহণ করেছেন। তিনি আশা করছেন প্রবাসীরাও সিনেমাটি পছন্দ করবেন। গল্পটি আমরা এমন করে দেখাতে চেয়েছি, যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।’

এর আগে ২৭ মার্চ অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। ‘দম’-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...