আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম?

আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক সিয়াম?

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। এ নির্মাতা স্বল্পদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকও নির্মাণ করেন। তবে এবার তার আত্মপ্রকাশ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাতা হিসেবে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার প্রথম সিনেমা।

আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীর নাম ঘোষণা না করলেও এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। এ নিয়ে রাজীব জানান, সিয়ামের সঙ্গে আলোচনা এগিয়েছে ঠিকই, তবে এখনো চূড়ান্ত হয়নি কিছু।

বিজ্ঞাপন

আদনান আল রাজীব বলেন, ‘আমরা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’

ক্যারিয়ারের শুরুর দিকে ভালোবাসার গল্প নিয়ে নাটক ‘কাছে আসার গল্প’ নির্মাণ করেছিলেন আদনান। সে সময় থেকেই সিনেমার জন্য একটি ভিন্নধর্মী প্রেমের গল্পের খোঁজ করছিলেন তিনি। নির্মাতা বলেন, ‘অনেক বছর ধরে নিজের মতো করে একটি প্রেমের গল্প খুঁজেছি। গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি, কেটেছি, আবার লিখেছি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে।’

সিনেমার আপডেট জানিয়ে আদনান বলেন, ‘এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। একাধিক ড্রাফট তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় কারেকশন করছি। এছাড়া শিল্পী বাছাইয়ের কাজ চলছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক ‘জংলি’ ও ‘রাক্ষস’ সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গিয়েছিল সিয়ামকে। তার নাম চূড়ান্ত হলে আদনানের প্রথম সিনেমায় এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্ন, রোমান্টিক নায়কের ভূমিকায়। নায়িকা প্রসঙ্গে আদনান জানান, নায়িকা খোঁজা হচ্ছে। চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। আর এ বছরের শেষের দিকেই সিনেমার শুটিং শুরু হবে।

নিজের তৈরি ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান উৎসব জয়ের পাশাপাশি নানা দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি আগামী বছর সরাসরি দেশের হলে মুক্তি দিতে চান আদনান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন