নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানান রূপকথা। সেই সময়ের একটি আবেগঘন সত্য ঘটনা এবার রূপ নিচ্ছে রূপালী পর্দায়। সেকালের সেই স্মৃতিাতুর গল্পকে একালের সিনেমার ভাষায় দর্শকদের সামনে নিয়ে আসছে চলচ্চিত্র ‘চিরকুট’। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি।
ফিল্মম্যানিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা মুনতাসির আকিব। আজ, ২ অক্টোবর, রাজধানীর নিকেতনে ফিল্মম্যানিয়ার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘চিরকুট’-এর প্রচারণার নতুন অধ্যায়।
পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও লেখক লুৎফর হাসান এবং নির্মাতা মুনতাসির আকিব। এছাড়া অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ছিলেন শ্যামল মাওলা, আজিজুন মীম, সুমন পাটোয়ারী, সিয়াম নাসির, মাহিরা হাসান, সাদি খান, শামীম আহসান, ইমু, সংগীতশিল্পী স্নেহাশিস চক্রবর্তী অভি এবং সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্যসহ অনেকে।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পর্দায় ফুটিয়ে তোলা ছিল নির্মাতার জন্য বেশ চ্যালেঞ্জিং। তৎকালীন জীবনযাপন, পোশাক-পরিচ্ছদ ও ক্যাম্পাসের আবহকে শতভাগ নিখুঁতভাবে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী এতে সরাসরি অভিনয় করেছেন। চলচ্চিত্রটির মাধ্যমে হারিয়ে যাওয়া এক স্বর্ণালী সময়কে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
নির্মাতা মুনতাসির আকিব বলেন, “নব্বইয়ের দশকের রাবিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সে সময়ের পরিবেশ, মানুষের আবেগ ও ঘটনাটিকে এমনভাবে তুলে ধরেছি যেন দর্শক সিনেমাটি দেখার পাশাপাশি সেই সময়টিকে অনুভব করতে পারেন।”
‘চিরকুট’-এর অন্যতম বড় আকর্ষণ এর বিশাল শিল্পী বহর। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
চলচ্চিত্রটিতে রয়েছে ৪টি চমৎকার গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী রেহান রাসুল, মাশা, স্নেহাশিস চক্রবর্তী অভি, মেহেদী সরকার, রাকিব ও ঐশী।
দীর্ঘ প্রস্তুতি ও নির্মাণ কাজ শেষে সেকালের গল্প নিয়ে একালের সিনেমা ‘চিরকুট’ দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে দর্শকদের মাতাতে প্রস্তুত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

