পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র দ্য ওডিসি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শক-সমালোচকদের আলোচনায় রয়েছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমা আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও বক্স অফিসে সফলতা পাচ্ছে।
প্রায় ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই মহাকাব্যিক চলচ্চিত্রে হলিউডের একঝাঁক তারকা অভিনয় করেছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের তথ্য। এতে দেখা যায়, নোলানের সঙ্গে কাজের সুযোগকে অগ্রাধিকার দিয়ে অনেক তারকাই তাঁদের প্রচলিত পারিশ্রমিকের তুলনায় কম পারিশ্রমিক নিয়েছেন।
সিনেমায় ইথাকার রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তিনিই এ ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। তাঁর পারিশ্রমিক ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০ কোটিরও বেশি। যদিও সাধারণত হলিউডের এই তারকা আরও বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।
ওডিসিউসের স্ত্রী পেনেলোপ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। নোলানের সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ৪০ থেকে ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ থেকে ৬০ কোটি টাকার সমপরিমাণ।
ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর পারিশ্রমিক ১ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১২০ কোটি টাকা। জানা গেছে, মার্ভেল চলচ্চিত্রে পাওয়া পারিশ্রমিকের তুলনায় এটি কিছুটা কম।
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ অ্যান্টিনাস চরিত্রে অভিনয় করা রবার্ট প্যাটিনসন পেয়েছেন ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকা।
গ্রিক দেবী অ্যাথেনা চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া। এই চরিত্রে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৬০ কোটি টাকার সমান।
এদিকে, হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা চরিত্রে অভিনয় করা লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ থেকে ৪২ কোটি টাকার মধ্যে। অন্যদিকে, অমর সমুদ্রপরী ক্যালিপসো চরিত্রে অভিনয়ের জন্য শার্লিজ থেরনের পারিশ্রমিক ছিল ৫০ থেকে ৭০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৬০ থেকে ৮৪ কোটি টাকা।
গত ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া দ্য ওডিসি ইতোমধ্যে সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। মহাকাব্যিক কাহিনি, ক্রিস্টোফার নোলানের নির্মাণশৈলী এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে চলতি বছরের সবচেয়ে আলোচিত হলিউড চলচ্চিত্রগুলোর একটিতে পরিণত করেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


