যুক্তরাষ্ট্র–কানাডায় ‘দম’-এর দাপট

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্র–কানাডায় ‘দম’-এর দাপট

আমেরিকায় দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘দম’। চাহিদার কারণে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’। যার মধ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ৭টি থেকে উন্নীত হয়ে ৫০টি হলে চলবে সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১০ এপ্রিল। সপ্তাহ ঘুরতেই দর্শকদের ব্যাপক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ’দম’। এছাড়াও, ১৭ এপ্রিল থেকে সিনেমাটি চলবে কানাডার ৮টি প্রেক্ষাগৃহে।

‘দম’ উত্তর আমেরিকায় মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি এখন অবস্থান করছেন আমেরিকাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ‘দম’ সিনেমাটি দেখতে এসেছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাংবাদিক রোজিনা ইসলামসহ প্রবাসী বাংলাদেশিরা। সিনেমার একটি প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের অংশ নিয়েছিলেন রেদওয়ান রনি।

বিজ্ঞাপন

‘দম’ সিনেমা দেখে খান মোহাম্মদ আলী নামের একজন প্রবাসী দর্শক লিখেছেন, ‘রেদওয়ান রনি যে এত সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে পারেন, ‘দম’ না দেখলে বুঝতেই পারতাম না।’

দর্শকদের সরাসরি এমন প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সিনেমা। কেন এবার সত্য ঘটনাকে আশ্রয় করলাম? কারণ আমার মনে হয়েছে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশির বিজয়ের গল্প বলা সম্ভব। আমিও অনেকদিন পর নির্মাণে ফিরলাম। এই ফেরাটা বাংলাদেশের বা বাংলাদেশিদের বিজয়ের গল্প বলার মাধ্যম হওয়াটাই তৃপ্তির বলে মনে হয়েছে আমার। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। বিদেশের মাটিতে প্রবাসী ভাই–বোনদের কাছে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত।’

যুক্তরাষ্ট্রে দর্শকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে রেদওয়ান রনি আরও বলেন, ‘যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙ্ক্ষা সবার মাঝে, সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনে হচ্ছে ‘দম’ জিতে গিয়েছে। দর্শকরা ‘দম’–কে জিতিয়ে দিয়েছেন।’

‘দম’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ, আলফা–আই ও চরকি। উত্তর আমেরিকায় (আমেরিকা–কানাডা) সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...