সারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে কৃষকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তি। সংগঠনটি বলেছে, সারের দাবিতে বিক্ষোভ করা কৃষকরা বর্তমানে চরম গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। কৃষকদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত রেখে দেশের কৃষিব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
শনিবার জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতিতে এই কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের ঘটনায় কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও প্রায় ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর ফলে সাধারণ কৃষকদের মধ্যেও গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে অনেক কৃষক রাতে নিজেদের বাড়িতেও থাকতে পারছেন না।
কৃষক শক্তি বলেছে, সারের সংকট, বিতরণে অনিয়ম কিংবা বৈষম্যের অভিযোগের সুরাহা না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল শক্তি।
বিবৃতিতে আরও বলা হয়, কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ থাকলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক—এতে সংগঠনের কোনো আপত্তি নেই। তবে কোনো নিরপরাধ কৃষক যেন হয়রানি বা অযথা গ্রেপ্তারের শিকার না হন, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে।
সারের সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত এবং সারের নামে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম ও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় সংগঠনটি। পরিশেষে বলা হয়, কৃষককে ভয় দেখিয়ে নয়, কৃষকের পাশে দাঁড়িয়েই কৃষি ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে এবং কৃষকদের ঘরে ফেরার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


