নব্বই দশকের প্রেমের গল্প নিয়ে আসছে ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেমের গল্প নিয়ে আসছে ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের নস্টালজিক ভালোবাসা আর আধুনিক প্রজন্মের আবেগের মেলবন্ধনে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়া’স লাভ জার্নি)। রোমান্টিক-কমেডি ঘরানার এই ৮০ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

সেই সময়কার প্রেমের গল্প ও অনুভূতিকে নতুন আবহে বর্তমান দর্শকদের সামনে তুলে ধরাই এই প্রজেক্টের মূল লক্ষ্য। সিনেমাটির মাধ্যমে ওটিটি পর্দায় অভিষেক ঘটছে নতুন জুটি নাওভী ও লাবণ্যর। নির্মাতার মতে, তাদের দারুণ রসায়ন দর্শকদের ভিন্নরকম আনন্দ দেবে।

বিজ্ঞাপন

ওয়েব ফিল্মটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ এবং শওকত শোভন। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

চিত্রনাট্যে একটি বিশেষ ‘হিডেন স্টোরি’ রয়েছে জানিয়ে পরিচালক অর্ক বলেন, ‘গল্পের আসল রহস্য ও মজা উপভোগ করতে দর্শকদের পুরো সিনেমাটি দেখতে হবে।’

ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের (সেপ্টেম্বর) শেষ দিকেই আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন