ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ওরিজন্তি’-তে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে প্রথমবার ইতিহাস গড়েছিল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসের সেই ঐতিহাসিক অভিষেকের পর থামেনি এর জয়যাত্রা। ইতোমধ্যেই ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার মোট ৯টি প্রথম সারির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটি।

সম্প্রতি ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (TIFF) মর্যাদাপূর্ণ ‘সেন্টারপিস’ বিভাগে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছে ছবিটি। একের পর এক বিশ্বখ্যাত উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়ে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক মহাদেশে।

বিজ্ঞাপন

৫৮তম সিটগেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবে নোভেস ভিশনস প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসব শুরু হবে ৯ অক্টোবর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। যুক্তরাজ্যে ৭ অক্টোবর থেকে বসবে ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের আসর। সেখানে অফিশিয়াল কম্পিটিশনে থাকবে নারীকেন্দ্রিক সিনেমাটি। ১৮ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।

এছাড়া ফ্রান্সের লা রোশ-সুর-ইয়ঁ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ফরাসি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি এশিয়ার অন্যতম সম্মানজনক ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (জাপান) এবং অস্ট্রিয়ার ৬৩তম ভিয়েনালে (ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব)-এর অফিসিয়াল সিলেকশনেও জায়গা করে নিয়েছে ছবিটি।

ভেনিসে প্রদর্শনের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাবোদ্ধা ও সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। দক্ষিণ এশিয়ার প্রথাগত বিয়ের আচার-অনুষ্ঠানকে চমৎকারভাবে ‘নারীবাদী ফোক-হরর’-এর একটি স্বতন্ত্র ও আধুনিক চলচ্চিত্র ভাষায় রূপান্তরের বিষয়টি সমালোচকদের লেখায় বিশেষভাবে উঠে এসেছে।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমাটি ফ্রান্সের ফ্রাঁসোয়া দার্তেমার প্রযোজনা করেছেন। এতে অর্থায়ন ও কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগাল। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির বিতরণ ও আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক সংস্থা ‘ফিল্মস বুটিক’।

একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ৯টি বিশ্বমানের উৎসবে বাংলাদেশের একটি চলচ্চিত্রের এমন অভাবনীয় উপস্থিতি দেশীয় চলচ্চিত্রের বৈশ্বিক যাত্রায় এক নতুন মাইলফলক স্থাপন করল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন