৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

বিনোদন রিপোর্টার

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

নির্মাতা যুবরাজ শামীমের নতুন ছবি ‘অতল’, যা তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত ছবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৮তম আসরে ‘অ্যাপকিলপস্ নাউ’ সেকশনে মনোনীত হয়েছে যুবরাজের ‘অতল’।

এর আগে, যুবরাজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে মনোনীত হয়েছিল এবং সেই আসরে ছবিটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং নেটপ্যাক জ্যুরি অ্যাওয়ার্ড পায়। এ বছর নির্মাতার নতুন ছবিটি মূল প্রতিযোগিতা বিভাগে না থাকলেও ‘নেটপ্যাক কমপিটিশন’-এ প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন যুবরাজ। ‘অতল’ চলচ্চিত্রে অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ত্ব ভিজ্যুয়াল করেছেন নির্মাতা।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু-পরবর্তী জীবন পার করছেন কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছেন। যেখানে সময়, তার চারপাশের চরিত্র সব থমকে আছে। সেটাই ‘অতল’-এ পোট্রে করার চেষ্টা করেছি।” এতে অভিনয় করেছেন নাঈম তুষার। যিনি পেশায় একজন এডিকশন প্রফেশনাল এবং প্যাশনেটলি ফটোগ্রাফার। তুষার অভিনয়ের পাশাপাশি এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন।

নির্মাতা যুবরাজ শামীম আরো বলেন, ‘অতল মূলত আমাদের দুজনের জার্নি, আমরা দুজন একটা ক্যামেরা নিয়ে স্কুটিতে করে নানান জায়গায় ঘুরে বেড়িয়েছি, যে জায়গাটার সঙ্গে আমরা কানেকশন অনুভব করেছি সেখানেই আমরা ক্যামেরা বসিয়েছি, তুষার ভাই ক্যামেরা ঠিকঠাক করে ক্যামেরার সামনে দাঁড়ালে, আমি শুধু ক্যামেরা অন অফ করেছি। আমি আসলে ছবি নির্মাণকে কবিতার মতো করে দেখি। যেখানে একজন কবি কবিতা লিখবার পর কখনো আমাদের মনে হয় না এই কবিতার বাজেট কত! বরং কবিতা হয়ে ওঠার পেছনে কবির যাপন কিংবা আর্টের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। ছবি নির্মাণের ক্ষেত্রে আমার কাছে আর্টের এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। এখানে বাজেট বা কাস্টিং কিংবা ছবির গল্প কোনোকিছুই আমার কাছে গুরুত্ব বহন করে না।’

তিনি বলেন, ‘আমি সেই ছবিটাই বানাতে চাই যেই ছবিটা আমি দেখতে চাই। এর বাইরে আর কিচ্ছু ভাবি না।’ ‘অতল’ ছবির সাউন্ড করেছেন রিপন নাথ, কালারে ছিলেন আব্দুল্লাহ্ রাকিব এবং পোস্টার করেছেন মেঘদলের শিবু কুমার শীল। যুবরাজ এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের যুবরাজ জানান, উৎসবে যোগ দিতে তিনি এবং নাঈম তুষার আগামী ১৬ এপ্রিল দেশ ছাড়বেন এবং ১৯ এপ্রিল মস্কোতে ‘অতল’ ছবিটি প্রদর্শিত হবে। উল্লেখ্য, ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৬ এপ্রিল, আর পর্দা নামছে ২৩ এপ্রিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...