বিশ্ব ঘুরে এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’

বিশ্ব ঘুরে এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর দেশে মুক্তি পেল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’। গতকাল দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, প্রথম ধাপে রাজধানী ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘মাস্তুল’। এর মধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে। একটি শো দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। একইভাবে স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখায়ও থাকবে দৈনিক দুটি প্রদর্শনী। এছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বিজ্ঞাপন

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ অনেকে।

‘সিনেমাকার’ প্রযোজিত ‘মাস্তুল’-এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ। ওটিটি ও টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে আইস্ক্রিন ও চ্যানেল আই।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন। সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী এবং কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ শামীম। প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

গেল বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘মাস্তুল’। সেখানে চলচ্চিত্রটি ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে, যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন