প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আবারও আয়োজন করা হচ্ছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস’ (বিএফএফডি)। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে উৎসবটির নবম আসর। তিন দিনব্যাপী এ আয়োজনে চারটি পূর্ণদৈর্ঘ্য ও চারটি স্বল্পদৈর্ঘ্যসহ মোট আটটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজক প্রতিষ্ঠান ‘সৃজনের হাট’ জানিয়েছে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে অনুষ্ঠিতব্য এ উৎসবের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করা।
উৎসবের উদ্বোধনী দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উৎসব’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিলীন’।
১ আগস্টের প্রথম প্রদর্শনীতে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অনাবৃত’ ও স্বল্পদৈর্ঘ্য ‘মনিহারা’। একই দিনের দ্বিতীয় প্রদর্শনীতে দর্শকরা দেখতে পারবেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্বার্থপর’ এবং স্বল্পদৈর্ঘ্য ‘আমার কমরেড’।
উৎসবের শেষ দিন, ২ আগস্ট, প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কর্পূর’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিষ্টি বাতাসের ঘ্রাণ’।
আয়োজকদের মতে, ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে টানা নয় বছর ধরে উৎসবটি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার স্বাধীন চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপন করে আসছে। শতাধিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতা ও দর্শকদের সক্রিয় অংশগ্রহণে এটি উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


