কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা এবার দেখা যাবে ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বুধবার রাত থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো; প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
পরিচালক রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতোমধ্যে অনেক দর্শক দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি অধিকসংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এটাই চাওয়া।’ সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, নানা কারণে অনেকেই সিনেমা হলে ‘রকস্টার’ দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে, সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখতে পারবেন। সেটা আমাদের সবার জন্যই আনন্দের। দর্শক চাইলেই এখন সিনেমায় তাদের পছন্দের মুহূর্তগুলো বারবার উপভোগ করতে পারবেন। রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘রকস্টার’ সিনেমায় প্রধান আগুন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
এছাড়া মীরা চরিত্রে সাবিলা নূর, একজন মডেলের চরিত্রে দেখা গেছে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, ওস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী-বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।
তারকাখ্যাতির চাপ, ভালোবাসা, একাকিত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ মিলিয়ে এই রকস্টারের উত্থান-পতনের গল্পই বলবে সিনেমাটি। চলচ্চিত্রটির গল্প ও নির্মাণশৈলী নিয়ে পরিচালক আজমান রুশো বলেন, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা ও নিজের মিউজিশিয়ান জীবনের স্মৃতির মিশেলে তিনি এ গল্পটি তৈরি করেছেন। সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার লুকে নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম ও উত্থান-পতনের বাস্তব চরিত্রে দেখা গেছে। এ চরিত্রের জন্য তিনি নিজের ওজনও কমিয়েছিলেন।
নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত সিনেমায় রয়েছে বেশকিছু গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

