টম ক্রুজ ভক্তদের জন্য আসছে এক বিরাট চমক। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে আগামী ২ অক্টোবর বিশ্বব্যাপী পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ডিগার’। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স; আন্তর্জাতিক মুক্তির একই দিনে প্রেক্ষাগৃহটিতে দেখা যাবে চলচ্চিত্রটি। এখানেই শেষ নয়, একই দিনে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমাও মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
‘ডিগার’
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষা—‘ডিগার’ সিনেমার ট্রেলারে টম ক্রুজকে দেখে চেনা প্রায় অসম্ভব। চার দশকের বেশি সময় ধরে অ্যাকশন ডাইনামো ও সুদর্শন ইথান হান্ট ইমেজে দ্যুতি ছড়ানো টম ক্রুজ এবার একদমই বিপরীত চেহারায় হাজির হচ্ছেন। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো কালজয়ী চলচ্চিত্রের দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু সিনেমাটিকে তৈরি করেছেন এক ধারালো ব্ল্যাক কমেডি হিসেবে, যেখানে হাস্যরসের অন্তরালে ফুটে উঠেছে জলবায়ু সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও মানবসভ্যতার ভবিষ্যত।
গল্পের কেন্দ্রে রয়েছে ডিগার রকওয়েল নামের এক প্রভাবশালী ও ক্ষমতাবান ধনকুবের। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে গিয়ে বিশ্বজুড়ে এক ভয়াবহ জলবায়ু বিপর্যয় দেখা দেয়। কিন্তু ঔদ্ধত্যের শীর্ষে থাকা ডিগার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো ব্যঙ্গাত্মক মন্তব্য করে। আর এই আচরণই তাকে বিশ্বজুড়ে বিতর্কের মুখে ফেলে। পরবর্তীতে পৃথিবী বাঁচানোর বদলে নিজেকে ‘মানবজাতির ত্রাতা’ হিসেবে জাহির করতে শুরু হয় তার নতুন চালবাজি।
টম ক্রুজ জানিয়েছেন, এই ভিন্নধর্মী চরিত্রটি ফুটিয়ে তুলতে পোশাক, মেকআপ, কৃত্রিম দাঁতের গঠন, হাঁটার ছন্দ এমনকি দক্ষিণাঞ্চলীয় উচ্চারণ নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে হয়েছে তাকে। পরিচালক ইনারিতুও প্রশংসায় ভরিয়ে দিয়ে জানিয়েছেন—দর্শকেরা এর আগে টম ক্রুজকে বিপজ্জনক স্টান্ট করতে দেখলেও, ‘ডিগার’-এ তাঁর অভিনয় ছিল এক অন্যরকম নির্ভীকতা।
‘রেসিডেন্ট ইভিল’
অন্যদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সারভাইভাল হরর অনুরাগীদের রোমাঞ্চিত করতে পর্দায় আসছে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন চলচ্চিত্র। ২০০২ সালে জাপানি গেম অবলম্বনে পল ডব্লিউ এস অ্যান্ডারসনের হাত ধরে শুরু হওয়া এই সিরিজটি পরবর্তীতে সাতটি সফল সিনেমার ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। পরবর্তীতে ২০২১ সালে ‘ওয়েলকাম টু রাকুন সিটি’র পর, পাঁচ বছরের বিরতিতে আসা নতুন এই ছবিটি মূলত দ্বিতীয় রিবুট ও পুরো সিরিজের অষ্টম কিস্তি।
জ্যাক ক্রেগার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অস্টিন আব্রামস, কিংবা জ্যাক চেরি, কলি রেইস ও পল ওয়াল্টার। এটি সরাসরি পূর্বের সিনেমাগুলোর সিক্যুয়েল নয়; বরং বিখ্যাত ভিডিও গেম 'রেসিডেন্ট ইভিল ২'-এর আবহ ও সময়কাল থেকে অনুপ্রাণিত এক ভিন্ন গল্প। সিনেমার মূল চরিত্র ব্রায়ান একজন সাধারণ মেডিকেল কুরিয়ার। সাধারণ একটি ডেলিভারি দিতে গিয়ে শহরের ভয়াবহ ভাইরাস সংক্রমণ ও দানবীয় প্রাণীদের মাঝে আটকে পড়ে সে। কোনো প্রশিক্ষণ বা বিশেষ ক্ষমতা না থাকায় কেবল বুদ্ধি আর সীমিত সরঞ্জাম নিয়ে টিকে থাকার যুদ্ধই হয়ে ওঠে তার একমাত্র সম্বল।
২০২২ সালে বহুল প্রশংসিত ‘বারবারিয়ান’ সিনেমা উপহার দেওয়া পরিচালক ক্রেগার জানান, দর্শক যেন প্রেক্ষাগৃহে বসে গেমের ভেতরে ঢোকার সত্যিকারের অভিজ্ঞতা পান, সেভাবেই চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। গেম সিরিজের বিশাল ফ্যানবেসের কাছে ইতোমধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যা মুক্তির আগেই আইএমডিবি-র ওয়াচলিস্টের শীর্ষ অবস্থানগুলোর একটি দখল করে প্রমান করেছে।
সিনেমাটি মুক্তি নিয়ে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমী ও হলিউড অনুরাগীদের মধ্যে তাই এখন তুঙ্গে রয়েছে উত্তেজনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

