২০০৯ সালের ব্লকবাস্টার হিট ‘থ্রি ইডিয়টস’- এর সিক্যুয়েল নিয়ে আবারও বড় পর্দায় ফিরছে র্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই কালজয়ী বন্ধুত্ব। আমির খান নিজেই নিশ্চিত করেছেন যে, ফুংসুখ ওয়াংড়ু চরিত্রে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজকুমার হিরানির অমর সৃষ্টি 'থ্রি ইডিয়টস'-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজেই এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেছেন।
আমির খান জানিয়েছেন, বর্তমানে তিনি ‘থ্রি ইডিয়টস ২’ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। এবারের গল্পটি সাজানো হয়েছে আগের কাহিনীর ১০ বছর পরের প্রেক্ষাপট নিয়ে। মূল সিনেমার সেই চেনা হাস্যরস এবং জীবনমুখী বার্তা বজায় রেখেই নির্মিত হচ্ছে এই সিক্যুয়েল।
ভারতীয় গণমাধ্যম ‘অমর উজালা’-কে দেয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি ইতোমধ্যে গল্প শুনেছেন এবং সেটিকে ‘দারুণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমি গল্পটি শুনেছি, অসাধারণ লেগেছে। তিনি আরও বলেন, চিত্রনাট্যে এখনো কিছু কাজ বাকি থাকলেও গল্পটি বেশ আলাদা ধাঁচের, যেখানে প্রথম কিস্তির মতোই থাকবে ব্যতিক্রমী হাস্যরস।
এছাড়া নিজের জনপ্রিয় চরিত্র ফুংসুখ ওয়াংডুর ভূমিকায় আবার ফিরতে আগ্রহী আমির। তিনি বলেন, রাজু ও অভিজাত যে গল্পটি ভেবেছেন, তা খুব সুন্দর। আবার ফুংসুখ ওয়াংডু চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি।
শুটিং কবে থেকে পুরোদমে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট তারিখ না জানালেও, আমির খান ইঙ্গিত দিয়েছেন যে এটিই হতে যাচ্ছে তার পরবর্তী বড় সিনেমা। লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক-এর জীবন ও দর্শন থেকে অনুপ্রাণিত র্যাঞ্চো চরিত্রটি এবার কোন নতুন বার্তা নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ কেবল বক্স অফিস রেকর্ডই ভাঙেনি, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। এক দশকেরও বেশি সময় পর সেই গল্পের সিক্যুয়েল নিশ্চিতভাবেই বিশ্বজুড়ে কোটি দর্শকদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

