জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিতে আয়োজিত লংমার্চকে স্বাগত জানাতে কুমিল্লা মহাসড়কে অবস্থান নিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন জোটের নেতাকর্মীরা। এ সময় তারা লংমার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি ঘিরে মহাসড়ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবি সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
আয়োজকদের দাবি, এসব দাবি বাস্তবায়নে সরকারের ওপর জনমত ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই লংমার্চের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, কর্মসূচিতে জাতীয় পর্যায়ের নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির চেয়ারম্যান ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর উপস্থিত থাকার কথা রয়েছে।
লংমার্চ ঘিরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে মহাসড়কের দুপাশে দায়িত্ব পালন করতে দেখা গেছে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7c38ae-720x405.webp)