ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এই উপলক্ষে পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। গতকাল, ২৬ এপ্রিল, প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্মিতব্য সিনেমা দুটির মধ্যে একটির শিরোনাম ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এটির দৈর্ঘ্য হবে ২৫-৩০ মিনিট। বাজেট ২০ লাখ টাকা।
অন্যটি হলো ‘ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী চলচ্চিত্র’। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে দক্ষতাও থাকতে হবে।
যোগ্যতার শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

