বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাইভা বিভা।

বুধবার বেলা ৩টায় ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ নতুন এই কমিটির অনুমোদন দেয়।

বিজ্ঞাপন

নবমনোনীত সভাপতি সবুজ আহমেদ এর আগে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে নবমনোনীত সাধারণ সম্পাদক সাইভা বিভা এর আগে সংগঠনটির রাবি শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা। তারা বলেন, তরুণদের লেখালেখি ও পাঠচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইভা বিভা বলেন, ‘নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে নবীনদের লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, তাদের প্রতিভার বিকাশ এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি কার্যকর বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শাখার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বিস্তৃত করা হবে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি সভা-সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার-সিম্পোজিয়াম, পাঠচক্রসহ নানামুখী সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। তরুণ লেখকদের জ্ঞানচর্চা, চিন্তার বিকাশ ও সৃজনশীলতার প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে প্রতিষ্ঠিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।’

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাবি শাখার আগামী কার্যবর্ষের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, তাদের নিয়মিত পাঠচর্চায় যুক্ত করা এবং লেখার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাদের চিন্তা ও মননের বিকাশ ঘটানো এবং সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির ২৩টির বেশি শাখা সক্রিয় রয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাও নিয়মিতভাবে লেখালেখি, পাঠচক্র, কর্মশালা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন