ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্টার

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

পুরোনো দিনের কালজয়ী সব চলচ্চিত্র নিয়ে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে এই প্রদর্শনী চলবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন, পুরোনো কিংবা দুর্লভ সব চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

আজ প্রদর্শিত হয় হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমাটিতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ আরও অনেকে।

পরের সপ্তাহে অর্থাৎ ৯ এপ্রিল দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক সিনেমা ‘দিন যায় কথা থাকে’। ২ ঘণ্টা ৩২ মিনিটের এই সাদা-কালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সোনালি অতীতে। এর প্রধান চরিত্রে রয়েছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল থাকছে শাহ আলম কিরণ পরিচালিত একটি রঙিন চলচ্চিত্র। সালমান শাহ ও শাবনূর অভিনীত এই জনপ্রিয় সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিনা খান।

২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদা-কালো ছবি ‘দোস্ত দুশমন’। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমাটিতে পর্দায় দেখা যাবে সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতাকে।

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র ‘নসিব’। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই বিশাল আয়োজনে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

মূলত, চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন