টানা দুই সপ্তাহের বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট দুই ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
রোববার সকাল ৭টার দিকে স্পিলওয়ের ১৬টি গেট ২ ফুট করে খুলে দেওয়া হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। পরবর্তীতে রাত ১০টা ৩৫ মিনিটে গেট খোলার পরিমাণ আরো ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হলে পানি নিষ্কাশনের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ১৮ হাজার কিউসেকে। সর্বশেষ রোববার সকালে গেট খোলার পরিমাণ দুই ফুট করায় স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট এমএসএল।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই একযোগে চালু করে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
কাপ্তাই বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানির উচ্চতা বাড়তে পারে। এ পরিস্থিতিতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দা ও নৌচলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

