বিবাহিত নারীদের নিয়ে গানের শো

বিচারকের ভূমিকায় একসাথে তিনজন

বিচারকের ভূমিকায় একসাথে তিনজন

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে কিংবদন্তি মিডিয়া আয়োজন করছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’।

আর এতে বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলা গানের নন্দিত তিন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

বিজ্ঞাপন

১২ মে থেকে অনলাইনে শুরু হয়েছে ‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহীরা ৫০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল আয়োজন, যা প্রচার হবে জি টিভিতে।

সব রাউন্ড শেষে চ্যাম্পিয়ন পাবেন ট্রফি, ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও রেকর্ড করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা আড়ালে ঠেলে দেন। ‘বঁধুয়ার গান’ শুধু একটি গানের লড়াই নয়, এটি বিবাহিত নারীদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প।

‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর খবর জানিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যারা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

রিজিয়া পারভীন বলেন, ‘গৃহবধুদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্‌ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যারা আছেন, তারা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন