কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আজব কারখানার উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যান সঞ্জীব চৌধুরী। তার ১৯তম মৃত্যুবার্ষিকীর পরদিন এই আয়োজনে মঞ্চে উঠবেন চার শিল্পী: সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তারা সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন। আয়োজকদের ভাষ্য, সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনাকে সম্মান জানানো এবং তার সৃষ্টিকে নতুন করে স্মরণ করে বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই এই কনসার্টের লক্ষ্য।
বাংলা গানে সঞ্জীব চৌধুরী এক আলাদা ও স্মরণীয় নাম। দলছুট ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব পরিচয়। অনন্য কণ্ঠের মতোই গীতিকার হিসেবেও তিনি ছিলেন স্বতন্ত্র। তার লেখা ও কণ্ঠে গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘কথা বলব না’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
শহুরে তরুণ শ্রোতাদের মধ্যে বাংলা লোকগান জনপ্রিয় করার ক্ষেত্রেও তার অবদান গুরুত্বপূর্ণ। দলছুটের কণ্ঠে শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পায়। লোকগান ও আধুনিক সংগীতের সংমিশ্রণে তার ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়। গান, কবিতা ও জীবনবোধের মিশেলে তিনি রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের দাম ৭০০ টাকা, অন-স্পট টিকিট ১ হাজার টাকা। বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে টিকিট কেনা যাবে। এ ক্ষেত্রে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ লিখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

