মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়েছে

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়েছে

চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরপর সিএমএম আদালতে হাজিরা দেন পরীমনি। মামলাটি বদলি হওয়ায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন বিচারক।’

গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু সেদিন পরীমনি পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেছিলেন আদালত।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় তৎকালীন র‍্যাব। পরদিন ৫ আগস্ট পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‍্যাব। এ মামলায় তদন্ত শেষে ৪ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। পরীমনি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

এরপর ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। সেই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন