অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। বাংলাদেশের সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া একটি কাভার গান শেয়ার করেছেন তিনি। এ আর রহমান ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি প্রকাশ করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পীর বিষয়ে। পুরোনো দিনের জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে ইতোমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। এবার তাদের কণ্ঠে গাওয়া একটি গান মুগ্ধ করেছে বিশ্বখ্যাত সুরকারকেও। সম্প্রতি রহমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ ও নন্দিতার গাওয়া ‘স্বদেশ’ সিনেমার জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’র কাভার সংস্করণ শেয়ার করেন। মূল গানটির সংগীত পরিচালনা করেছিলেন এ আর রহমান নিজেই। বিশ্ববরেণ্য এই সুরকারের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা দুই শিল্পী।
এ আর রহমানের শেয়ার করা স্টোরির স্ক্রিনশট সামাজিকমাধ্যমে প্রকাশ করে শুভেন্দু দাশ শুভ লেখেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যার কাজকে অনুপ্রেরণা হিসেবে হৃদয়ে ধারণ করেছি, তিনিই আমাদের গান শুনেছেন, আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এটা সত্যিই দারুণ অনুভূতি।’ একই স্ক্রিনশট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সানজিদা মাহমুদ নন্দিতাও। তিনি লেখেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? এই স্মৃতি আমার সারা জীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ শুভ ও নন্দিতা আগে থেকেই পরিচিত ছিলেন। পুরোনো বাংলা ও হিন্দি গান নতুনভাবে পরিবেশনের উদ্দেশ্যে তারা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। অল্প সময়েই তাদের পরিবেশনা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই প্ল্যাটফর্মেই প্রকাশ পেয়েছিল এ আর রহমানের সুর করা ‘সাওয়ারিয়া’ গানের কাভারটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

