সীতাকুণ্ডে শিপইয়ার্ডে মৃত্যুর ঘটনায় তিন দিনেও মামলা হয়নি, যাচ্ছে বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে মৃত্যুর ঘটনায় তিন দিনেও মামলা হয়নি, যাচ্ছে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় তিনদিনেও মামলা হয়নি। ব্যবস্থা নেয়নি বিস্ফোরক অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর। এমন ঘটনায় হতবাক হয়েছেন পরিবেশ সংগঠন ও শ্রমিক নেতারা।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। ইতিমধ্যে বুয়েট ও বাংলাদেশ মেরিন ইউনিভার্সিটির শিক্ষকদের সমন্বয়ে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি সীতাকুণ্ডে সরেজমিনে পরিদর্শন করে কারণ খোঁজার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের দুর্ঘটনা এড়াতে সুপারিশ প্রণয়ন করবে।

রোববার বিকেলে সীতাকু্ণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটলেও রোববার বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করার থাকলেও তারা কেউ আসেনি। তিনি নিজেও যোগাযোগ করেছেন। কিন্তু থানার বারান্দায় পরিবারগুলোর কাউকে পাননি। ওসি বলেন, নিহদের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।

এদিকে শিপইয়ার্ডে ৯জন শ্রমিকের প্রাণহানির ঘটনায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের নেতারা ঘটনায় জন্য মালিকপক্ষকে দায়ী করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিনসহ শ্রমিক নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকের জীবনকে কোনোভাবেই শিল্পের উৎপাদন ও মুনাফার চেয়ে কম মূল্য দেওয়া যায় না। জাহাজভাঙা শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্রে একজন শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা মালিক ও রাষ্ট্রের দায়িত্ব। এসময় তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের (বিএসআরবি) মহাপরিচালক এ.এস. এম শফিউল আলম তালুকদার এক সিদ্ধান্তে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার অপারেশন বন্ধ রাখার (স্টপ অপারেশন অর্ডার) নির্দেশ দিয়েছেন।

বিএসআরবি সূত্র জানিয়েছে, রোববার শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুন:প্রক্রিয়া শাখা থেকে তিন সদস্যের আরো একটি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট চারটি কমিটি গঠন করা হলো। এর আগে জেলা প্রশাসনের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি ও জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ’র একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার গঠিত কমিটিতে রয়েছেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজির ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটর ডিরেক্টর ক্যাপ্টেন মো. শোয়েব আহমেদ, বিস্ফোরক অধিদপ্তর ঢাকার সহকারী বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ মেহেদি ইসলাম খান।

বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এ.এস.এম শফিউল আলম তালুকদার বলেন, তদন্ত চলাকালে মামলা হওয়ার সুযোগ কম। বর্তমানে চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববারই ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে পৌঁছাবে। আমরা ইতিমধ্যে শিপইয়ার্ডটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছি। এটিও ব্যবস্থা নেওয়ার একটি অংশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন