ভোলার চরফ্যাশনে ফের ১০৭টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ। সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে বিআরডিবি রোড এলাকার কাঁকড়া ও কুচিয়া ক্রয়ের একটি প্রতিষ্ঠান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আল খুশবুর নেতৃত্বে বিরল প্রজাতির ‘সন্ধি’ কাছিম ও মহাবিপন্ন ‘করি কাইট্টা’ প্রজাতির ১০৭টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে বন বিভাগের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এ সময় রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম ও বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কচ্ছপগুলো উদ্ধার হলেও জড়িতদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জলবায়ু ও পরিবেশকর্মী সানজীদুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘবছর ধরে চরফ্যাশনের বিআরডিবি জনতা বাজার, সোনালী রোডসহ বিভিন্ন চরাঞ্চলে বনের খালে ও জলাশয়ে কাঁকড়া শিকারি ও চোরাকারবারিরা মহাবিপন্ন কচ্ছপগুলো পাচার করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এর আগে শনিবার রাতে মাছবাজার এলাকা থেকে ৩২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছিল।
বিভাগীয় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিলুপ্ত প্রজাতির এসব কচ্ছপ শিকার ও পাচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

