বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সাত সদস্যের ব্যান্ড বিটিএস টানা দ্বিতীয়বারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘বর্ষসেরা শিল্পী’ পুরস্কার জিতে আবারও বিশ্বসঙ্গীতে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। অনুষ্ঠানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত এই সম্মাননা বিটিএসের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।

প্রায় চার বছরের বিরতির পর চলতি বছরের মার্চে ফিরে আসা ব্যান্ডটি বর্তমানে এক বিলিয়ন ডলারের বিশ্ব সফরে রয়েছে। এবারের আসরে তারা তাদের অ্যালবামের প্রধান গান ‘সুইম’-এর জন্য ‘গ্রীষ্মের সেরা গান’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’ পুরস্কারও জিতে নিয়েছে।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে বিটিএসের সহযোগী ব্যান্ড ক্যাটসআই ‘বর্ষসেরা নতুন শিল্পী’ পুরস্কার অর্জন করেছে। এছাড়া তাদের ‘নার্লি’ গানের জন্য সেরা মিউজিক ভিডিও এবং সেরা উদীয়মান পপ শিল্পীর পুরস্কারও দেওয়া হয়।

অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ভাইরাল গান ‘গোল্ডেন’ নির্বাচিত হয়েছে ‘বর্ষসেরা গান’। অন্যদিকে সাবরিনা কার্পেন্টার তার অ্যালবাম ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’-এর জন্য ‘বর্ষসেরা অ্যালবাম’ পুরস্কার জিতেছেন। পাশাপাশি তিনি ‘সেরা নারী পপ শিল্পী’ এবং ‘সেরা পপ অ্যালবাম’ বিভাগেও পুরস্কার পেয়েছেন।

এদিকে জাস্টিন বিবার নির্বাচিত হয়েছেন ‘সেরা পুরুষ পপ শিল্পী’। আর্টিস্ট বিভাগে বিটিএস পেছনে ফেলেছে টেইলর সুইফট, ব্রুনো মার্স, ব্যাড বানি এবং লেডি গাগার মতো বিশ্বখ্যাত তারকাদের।

সবচেয়ে বেশি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জয়ের রেকর্ডধারী টেইলর সুইফট এ বছর আটটি মনোনয়ন পেলেও কোনো পুরস্কার জিততে পারেননি। তবে পিঙ্কপ্যান্থারেস জারা লারসনের সঙ্গে ‘স্টেটসাইড’ গানের জন্য বর্ষসেরা যৌথ গানের পুরস্কার জিতে নেন।

এ বছরের অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল ব্ল্যাক আইড পিসের পুনর্মিলন। ২০১৮ সালে দল ছেড়ে যাওয়া ফার্গি লাস ভেগাসের মঞ্চে সাবেক ব্যান্ডসঙ্গীদের সঙ্গে হাজির হয়ে দর্শকদের আবেগাপ্লুত করেন। দলটি তাদের ২০০৯ সালের জনপ্রিয় গান ‘রক দ্যাট বডি’-এর জন্য সেরা পুরোনো জনপ্রিয় গানের পুরস্কার জেতে।

অনুষ্ঠানে আরও পরিবেশন করেন পুসিক্যাট ডলস, বাস্টা রাইমস, টেডি সুইমস, কিথ আরবান এবং টোয়েন্টি ওয়ান পাইলটস।

সন্ধ্যার উপস্থাপক ছিলেন কুইন লতিফা। এছাড়া বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার, কার্ডি বি, শাকিরা এবং টোয়াইস।

অনুষ্ঠানটির বিজয়ীরা সম্পূর্ণভাবে দর্শক ও ভক্তদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। আর সেই কারণেই বিটিএসের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ‘আর্মি’ ভক্তগোষ্ঠী আবারও তাদের প্রিয় ব্যান্ডকে শীর্ষে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...