আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদে ফাহমিদা নবীর নতুন তিন গান

বিনোদন রিপোর্টার

ঈদে ফাহমিদা নবীর নতুন তিন গান

ঈদকে ঘিরে শিল্পীদের নতুন কাজ প্রকাশের একটি প্রচলন রয়েছে। সে ধারাবাহিকতায় এবার ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন শামস সুমন। গানগুলোর শিরোনাম ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

জানা গেছে, গীতিকার গোলাম মোর্শেদের উদ্যোগেই গান তিনটি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। ফাহমিদা নবী ও গোলাম মোর্শেদ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। সে সূত্রেই তিনি শামস সুমনের সুর করা একটি গান ফাহমিদা নবীকে শোনান। গানটি শিল্পীর ভালো লাগলে পরে আরো দুটি গান শোনানো হয় এবং সেগুলোও তার পছন্দ হয়। এর পরই তিনটি গানেই কণ্ঠ দেন ফাহমিদা নবী। গত কয়েক মাসে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।

বিজ্ঞাপন

ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শিল্পী ও সুরস্রষ্টা শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালো লাগে। পরে আরো দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। গত কয়েক মাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’

তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। এর মধ্যে একটি গান কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করে ঈদে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ফাহমিদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নাইনটিজের একটা সিগনেচার আছে যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সুমন খুব ভালো মনের মানুষ এবং তার সুরের মাঝে ভীষণ আবেগ আছে, যা শিল্পীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে পরম ভালো লাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মূর্ছনায় এ তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন