সাবিনা ইয়াসমিনের নতুন গানে আবেগে ভাসছে দর্শক

বিনোদন রিপোর্টার

সাবিনা ইয়াসমিনের নতুন গানে আবেগে ভাসছে দর্শক

১৯৮২ সালে ‘মানসী’ সিনেমার কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ ৪৪ বছর পর নতুন সংগীতায়োজনে ফিরে এসেছে। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন নিজেই গানটি নতুন করে গেয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমার জন্য।

বড় পর্দায় দর্শকদের মন জয় করার পর গত বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই এটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

ভিডিওটির কমেন্ট বক্সে দেখা যায় এক নস্টালজিক পরিবেশ। দর্শকদের মন্তব্য থেকে স্পষ্ট, সাবিনা ইয়াসমিনের কণ্ঠ আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। এক নেটিজেন লিখেছেন, ‘পুরোনো দিনের কথা মনে পড়ে গেল সাবিনা ইয়াসমিনের কণ্ঠ শুনে।’ আরেকজন মন্তব্য করেছেন, “কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অমর গান ‘এই মন তোমাকে দিলাম’—নতুনভাবে ‘দম’ সিনেমায় শুনে একদম নস্টালজিক হয়ে গেলাম!”

অনেক দর্শক গানটির নতুন সংস্করণে মুগ্ধ হয়ে বারবার শোনার আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, গানটি এত দ্রুত শেষ হয়ে গেল কেন, আরো শোনার ইচ্ছা রয়েছে।

ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি দারুণ ভিউ পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র এক দিনের মধ্যেই গানটি ১ লাখ ২৯ হাজারেরও বেশি দর্শক দেখেছেন।

কালজয়ী এই গানের নতুন সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম।

রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি বড় অংশের দৃশ্যধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমার গল্প মূলত একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে বেঁচে ফেরার আকুতি নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়া চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত এবং ডলি জহুরসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত এই সিনেমার অন্যতম বড় চমক ছিল সাবিনা ইয়াসমিনের এই প্লেব্যাক। ইউটিউবে গানটি প্রকাশের পর সাধারণ শ্রোতারাও এখন তার অমর কণ্ঠের নতুন স্বাদ উপভোগ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...