দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক ও এটিএম কার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
রোববার দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তারা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সরকার (৪৮) এবং একই থানার বাংরোট এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার টংগুয়া এলাকার চেয়ারম্যানপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে দুটি কালো রঙের বাওফেং বিএফ-৮৮৮এস মডেলের ওয়্যারলেস সেট, একটি রিয়েলমি সি৬৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩০ হাজার টাকা উল্লেখ ও স্বাক্ষর করা প্রিমিয়ার ব্যাংকের একটি চেক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। অভিযানে একটি কালো রঙের ম্যাক্স ব্র্যান্ডের স্কুলব্যাগ ও কালো-লাল রঙের নিবন্ধনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাছেত সরকার বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

