বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম ব্যস্ততম গায়িকা দিলশাদ নাহার কনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত এই সঙ্গীতশিল্পী সিনেমার গান প্লে-ব্যাক, আধুনিক গান, নাটকের গান, জি্ঙ্গেল (বিজ্ঞাপনের গান) এবং ভয়েজ ওভার নিয়ে বছরজুড়েই ব্যস্ত থাকেন। প্রতি মাসেই তার কন্ঠে নতুন নতুন গান প্রকাশিত হয়। আবার প্রতি মাসেই স্টেজ শো’তেও তার ব্যস্ততা থাকে।
এবার দেশে নয়, যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গান গাইবেন গায়িকা কনা। যেসব শহরে গাইবেন, তার মধ্যে রয়েছে— ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেসে, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউইয়র্ক। তার এ কনসার্ট ট্যুর শুরু হচ্ছে আজ, ২৫ জুলাই থেকে। আর শেষ হবে আগামী ৩ অক্টোবর। প্রায় তিন মাস ধরে তিনি দেশটির বিভিন্ন শহরে গান শোনাবেন। দেশের শিল্পীদের মধ্যে এটা অন্যতম দীর্ঘ সংগীত সফর বটে।
কণা বলেন, ‘যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি, ততবারই আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি। সেই ২০০৫ সালে শ্রোতা দর্শকেরা আমার গান যেমন আগ্রহ নিয়ে উপভোগ করতেন, সেই আগ্রহ আর উচ্ছ্বাস যেন আরো বেড়েছে। আলহামদুলিল্লাহ। একজন শিল্পী হিসেবে এখানেই আমার সার্থকতা যে দেশের বাইরে এসে প্রবাসী বাংলাদেশিদের বাংলা গানেই মুগ্ধ করতে পারছি, গানে গানে বাংলাকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রে এটাই আমার স্টেজ শো নিয়ে সবচেয়ে দীর্ঘ সফর। এ জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশী মিউজিক এন্টারটেইনমেন্ট-এর মুনিরুজ্জামান ভাইয়ের কাছে।’
কণা জানান, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই তিনি সবকিছু ঠিকঠাক থাকলে দেশে ফিরবেন। দেশে ফিরে তার জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করবেন। কণার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান হচ্ছে ‘মন দাও’।
উল্লেখ্য, কণা ২০০৫ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করার জন্য। এরপর ২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

