ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো বরাবরই দর্শকদের কাছে বিনোদনের অন্যতম আকর্ষণ। তবে মঞ্চে তারকাদের হাসি-ঠাট্টা আর খুনসুটির কতটা পরিকল্পিত আর কতটা স্বতঃস্ফূর্ত—সে প্রশ্ন বহুদিনের। এবার সেই রহস্যের কিছুটা উন্মোচন করলেন অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় মুখ কিকু শার্দা।
কপিল শর্মার সঙ্গে এক দশকের বেশি সময় ধরে কাজ করা এই অভিনেতা জানান, অনুষ্ঠানের প্রায় ৭০ শতাংশ অংশই নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী এগোয়। বাকি ৩০ শতাংশ তৈরি হয় শিল্পীদের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার মাধ্যমে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিকু বলেন, অতিথি তারকাদের কাছ থেকে স্বাভাবিক ও অকৃত্রিম প্রতিক্রিয়া পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবেই অনেক জোকস, পাঞ্চলাইন ও অভিনয়ের অংশ তাদের কাছ থেকে গোপন রাখা হয়। ফলে ক্যামেরার সামনে প্রথমবার সেগুলো দেখার পর অতিথিদের বিস্ময়, হাসি কিংবা প্রতিক্রিয়া একেবারেই স্বতঃস্ফূর্তভাবে ফুটে ওঠে।
বলিউড তারকা সালমান খানের সঙ্গে শুটিংয়ের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন কিকু। তার ভাষ্য, সালমানের প্রতিক্রিয়া আগে থেকে অনুমান করা কঠিন। কখনো বড় কোনো পাঞ্চলাইনেও তিনি নির্বিকার থাকেন, আবার হঠাৎ করে বলা কোনো সাধারণ মন্তব্যেই অট্টহাসিতে ফেটে পড়েন। একবার হাসতে শুরু করলে তার চোখে পানি চলে আসে এবং দীর্ঘ সময় ধরে সেই হাসি থামানো কঠিন হয়ে পড়ে।
অনুষ্ঠানের প্রাণভোমরা কপিল শর্মার তাৎক্ষণিক রসবোধেরও প্রশংসা করেন কিকু শার্দা। তিনি বলেন, কোনো জোকস বা পারফরম্যান্স প্রত্যাশামতো কাজ না করলে কপিল খুব সহজেই পরিস্থিতি সামলে নিতে পারেন। প্রয়োজনে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন, যা মুহূর্তেই দর্শকদের হাসিয়ে তোলে এবং সহশিল্পীদের অস্বস্তিও দূর করে। কিকুর কথায়, টানা ১৩ বছর একসঙ্গে কাজ করার অভিজ্ঞতায় এখন তারা একে অপরের ভাবনা না বললেও বুঝে ফেলতে পারেন।
তথ্যসূত্র: এনডিটিভি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


