আরজুমান্দ আরা বকুল, একাধারে একজন অভিনেত্রী, একজন গায়িকা ও একজন উপস্থাপকও বটে। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলে উপস্থাপনা করেন। এরই মধ্যে কয়েকদিন আগে নেক্সাস টিভির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ‘লেডিস ক্লাব’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
বকুল জানান, নেক্সাস টিভির এই আয়োজনটি এখন তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। এরই মধ্যে বকুলের উপস্থাপনায় যে পর্বগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে সেই পর্বগুলো হলো ‘চাওয়া পাওয়ার সীমারেখা’, ‘চাপা পড়ে থাকা গল্পগুলো’, ‘জীবনের নানা সময়’, ‘সময় ব্যবস্থাপনা’, ‘জীবনের স্বাদ নিন’, ‘এত সুর আর এত গান’, ‘প্রকৃতির প্রার্থনা’ ইত্যাদি।
আরজুমান্দ আরা বকুল বলেন, ‘অভিনয় করতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি আমাকে আমার পেশার কথা জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব যে আমি একজন অভিনেত্রী। পাশাপাশি গান গাইতে, কবিতা আবৃত্তি করতে এবং উপস্থাপনা করতে ভীষণ ভালো লাগে আমার। যে কারণে নেক্সাস টিভির লেডিস ক্লাব অনুষ্ঠানটি উপস্থাপনা করতে ভীষণ ভালো লাগে আমার। এ পর্যন্ত যতগুলো পর্বের উপস্থাপনা করেছি, সবগুলোর জন্য সত্যিই বেশ ভালো সাড়া পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজনটি বেশি ভালো লাগার কারণ হলো, নানান পর্বে বিভিন্ন পেশার সফল নারীরা তাদের জীবনের গল্প নিয়ে উপস্থিত হন। তাদের নানান চড়াই-উতরাইয়ের গল্প শোনান। আমি তা মন দিয়ে শুনি। ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে এত চমৎকার একটি সুযোগ দেওয়ার জন্য। সত্যিই আমি ভীষণ উপভোগ করছি লেডিস ক্লাব অনুষ্ঠানটি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

