কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাবেদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. তানভীর (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণ শেষে জাবেদ, তানভীরসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী তানভীরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

