আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান ‘বুঝি নাই তো আগে’

বিনোদন রিপোর্টার

ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান ‘বুঝি নাই তো আগে’

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর গত কয়েক দশক ধরে প্রতিবছরই এই আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় দেশের দীর্ঘমেয়াদী জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি।

নিয়মিত ইত্যাদির তুলনায় ঈদের বিশেষ ইত্যাদির একটি বড় অংশ জুড়েই থাকে বিভিন্ন ধরণের গান। তবে ঈদ ইত্যাদির গানগুলো যাতে বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক হয় সে জন্যে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ঈদ ইত্যাদির গানের শিল্পী-কথা-সুর ও নির্মাণ বৈচিত্র্য নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। যে কারণে প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শকদের কাছে প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এই সময়ের তরুণ প্রজন্মের কাছে প্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছিলেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এবারের ঈদে হাবিব যন্ত্রশিল্পীদের নিয়ে এককভাবে গেয়েছেন। এবারের গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

ফাগুন অডিও ভিশন জানায়, গানটি দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকরা গানটি লুফে নেবেন। ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনায়, দর্শকদের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা যেভাবে গানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, একবার শুনেই শিল্পীর সঙ্গে সাথে ঠোঁট মিলিয়েছেন- তাতে আশা করা যায় এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন