শুধু বিনোদনই নয়-ইত্যাদি সত্যিকার অর্থেই একটি শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান। বিষয় বৈচিত্র্যে ঠাসা ইত্যাদির প্রতিটি পর্বই দর্শকদের যেন মন্ত্রমুগ্ধের মত বসিয়ে রাখে টেলিভিশনের সামনে। আর এটা সম্ভব হয়েছে মিডিয়া তারকা হানিফ সংকেতের কারণে। যাঁর সুনিপুণ ছোঁয়া, ভাবনা আর নির্মাণ কারিশমায় আটত্রিশ বছরেও ইত্যাদি সমহিমায় সমুজ্জ্বল।
হাস্যরসের আড়ালে বিষয় পরিবেশনার এক অদ্ভুত কৌশল জানেন গুণী এই নির্মাতা। এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ইত্যাদির দলীয় সংগীতেও তুলে ধরা হয়েছে নানান অবক্ষয় ও অসঙ্গতি। আসলে ইত্যাদির গান শুধু গান নয়-এক একটি সামাজিক চিত্র। বিনোদনের মাধ্যমে সামাজিক ক্ষত নিরাময়ের এক অদ্ভুত অস্ত্র হচ্ছে ইত্যাদির এসব গান।
সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় সমাজের চারিদিকে জালের মত ছড়িয়ে থাকা মিথ্যে ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি নৈতিকতা ও বাস্তবতা। বাল্যকালে শেখা নীতি কথা-কর্মকালে এসে-মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না-এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। উপস্থিত দর্শকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন তাদের এই চমৎকার কোরিওগ্রাফি সমৃদ্ধ নাচ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত বর্ণাঢ্য এই ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

