চবিতে বৈদ্যুতিক গাড়ি চালু ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

চবিতে বৈদ্যুতিক গাড়ি চালু ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বৈদ্যুতিক গাড়ি (ই-কার) সেবা চালু করা হয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে ভাড়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সেবা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিজ্ঞাপন

জানা যায়, প্রথম পর্যায়ে ছয়টি গাড়ি নিয়ে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। তিনটি রুটে এই গাড়িগুলো চলবে। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা ও সর্বোচ্চ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে জিরো পয়েন্ট থেকে জীববিজ্ঞান অনুষদের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সিএনজির ভাড়া যেখানে আট টাকা, সেখানে বৈদ্যুতিক গাড়িতে ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা অযৌক্তিক। তারা সব রুটেই সর্বোচ্চ আট থেকে ১০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন।

বৈদ্যুতিক গাড়ি সেবা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ আমার দেশকে বলেন, ভাড়া একটু বেশি নির্ধারণ করা হয়েছে। এমনও অনেক শিক্ষার্থী থাকেন, যারা পাঁচ বা সাত টাকা বাঁচাতে হেঁটে ক্যাম্পাসে আসেন, সেখানে ১৫ টাকা অনেক বেশি।

শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আমার দেশকে বলেন, ই-কার সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাছে শিক্ষার্থীরা যদি লিখিতভাবে এই বিষয়ে জানায়, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন