বাগদাদের স্বর্ণযুগ ও বায়তুল হিকমাহর জ্ঞান-ঐতিহ্য

মোহাম্মদ মোশাররফ হুসাইন

বাগদাদের স্বর্ণযুগ ও বায়তুল হিকমাহর জ্ঞান-ঐতিহ্য

মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসী যুগ (৭৫০-১২৫৮ খ্রি.) ছিল জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতির অসাধারণ বিকাশকাল। এ সময় বাগদাদ শুধু একটি বৃহত্তর সম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক রাজধানী ছিল না; বরং এটি হয়ে উঠিছিল বৈশ্বিক জ্ঞানচর্চার প্রধাণ কেন্দ্র। গ্রিক, পারস্য, ভারতীয় ও সিরীয় সভ্যতার জ্ঞানভান্ডার এখানে অনূদিত, সংরক্ষিত এবং বিকশিত হয়েছিল। বিভিন্ন সভ্যতার জ্ঞান ও চিন্তার ধারাগুলো একত্র হয়ে নতুন এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জন্ম দেয়। ইতিহাসে যা ‘বাগদাদের স্বর্ণযুগ’ নামে পরিচিত।

এই যুগে আব্বাসী খলিফারা জ্ঞানচর্চা ও গবেষণাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেন। কথিত আছে যে, খলিফা আলমামুন অনুবাদকদের অনূদিত গ্রন্থের ওজনের সমপরিমাণ স্বর্ণ বা সোনা উপহার দিতেন।

বিজ্ঞাপন

ফলে বাগদাদে গড়ে ওঠে গ্রন্থাগার, মানমন্দির, গবেষণাকেন্দ্র ও অনুবাদ প্রতিষ্ঠান। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, দর্শন, ভূগোল এবং রসায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। মুসলিম পণ্ডিতরা প্রাচীন জ্ঞান সংরক্ষণেই সীমাবদ্ধ না থেকে তা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করে নতুন তত্ত্ব ও পদ্ধতির মাধ্যমে মানবসভ্যতার জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেন। এই জ্ঞানবিপ্লবের অন্যতম কেন্দ্র ছিল বায়তুল হিকমাহ, যা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্র হিসেবে পরিচিত।

বায়তুল হিকমাহ ও জ্ঞানকেন্দ্রের উত্থান

এই জ্ঞানবিপ্লবের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ছিল বায়তুল হিকমাহ( House of wisdom)। এটি শুধু একটি গ্রন্থাগার ছিল না; বরং গবেষণা, অনুবাদ ও বৈজ্ঞানিক আলোচনার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এখানে বিভিন্ন ভাষার পাণ্ডুলিপি সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানকে নতুনভাবে উপস্থাপন করা হতো। বায়তুল হিকমাহ ছিল এমন একটি বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান, যেখানে জ্ঞানচর্চা ছিল সংগঠিত, প্রাতিষ্ঠানিক এবং বহুমাত্রিক।

আব্বাসী খলিফাদের জ্ঞানপ্রীতি ছিল এই যুগের অগ্রগতির অন্যতম প্রধান কারণ। বিশেষ করে, খলিফা হারুনুর রশিদ এবং খলিফা আলমামুন জ্ঞানচর্চাকে রাষ্ট্রীয় উন্নয়নের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। আলমামুনের সময় বায়তুল হিকমাহ আরো বিস্তৃত হয় এবং বাইজেন্টাইন অঞ্চল থেকে গ্রিক পাণ্ডুলিপি সংগ্রহ করে অনুবাদ কার্যক্রমকে ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়।

অনুবাদ আন্দোলন ও জ্ঞান রূপান্তর

বায়তুল হিকমাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অনুবাদ আন্দোলন। এখানে গ্রিক, পারসিক, সিরীয় এবং ভারতীয় ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবি ভাষায় অনূদিত হয়। প্লেটো, অ্যারিস্টটল, গ্যালেন এবং ইউক্লিডের মতো চিন্তাবিদদের রচনা এখানে সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নতুন রূপ লাভ করে। এই অনুবাদ প্রক্রিয়া শুধু ভাষান্তর ছিল না; বরং এটি ছিল জ্ঞানকে ব্যাখ্যা, সংশোধন এবং উন্নত করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে ইসলামি বিজ্ঞান একটি স্বতন্ত্র পরিচয় লাভ করে।

বাগদাদের স্বর্ণযুগে জ্ঞানচর্চা ছিল বহুসাংস্কৃতিক ও অন্তর্ভুক্তিমূলক। মুসলিম, খ্রিষ্টান, ইহুদি এবং পারসিক পণ্ডিতরা একসঙ্গে গবেষণা ও অনুবাদ কার্যক্রমে অংশগ্রহণ করতেন। জ্ঞান এখানে কোনো ধর্ম বা জাতিগত সীমার মধ্যে আবদ্ধ ছিল না; বরং এটি ছিল মানবসভ্যতার যৌথ সম্পদ। এই পরিবেশ যুক্তিবিদ্যা, দর্শন, গণিত এবং চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গভীর অগ্রগতির সুযোগ সৃষ্টি করে।

বিজ্ঞান ও গণিতে অগ্রগতি

এই যুগে বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে। আল-খাওয়ারিজমি বীজগণিতের ভিত্তি স্থাপন করেন এবং আধুনিক অ্যালগরিদম ধারণার সূচনা করেন। তার কাজ পরে ইউরোপীয় গণিত ও আধুনিক কম্পিউটার বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞানে তার বিখ্যাত গ্রন্থ The Canon of Medicine রচনা করেন, যা শতাব্দীর পর শতাব্দী ইউরোপে প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। আল-বিরুনি জ্যোতির্বিদ্যা, ভূগোল ও পদার্থবিজ্ঞানে অসাধারণ গবেষণার মাধ্যমে পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন।

এই পণ্ডিতদের গবেষণা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ ছিল না; বরং তা পর্যবেক্ষণ, পরীক্ষণ ও গণিতভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের অবদান মধ্যযুগীয় ইসলামি সভ্যতাকে বৈজ্ঞানিক চিন্তার এক শক্তিশালী কেন্দ্রে পরিণত করে, যার প্রভাব পরে ইউরোপীয় রেনেসাঁস ও আধুনিক বিজ্ঞানের বিকাশে গভীরভাবে প্রতিফলিত হয়।

দার্শনিক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিতর্ক

এই যুগে দর্শন ও ধর্মতত্ত্বের ক্ষেত্রেও গভীর গবেষণা এবং প্রাণবন্ত বিতর্কের পরিবেশ গড়ে ওঠে। যুক্তিবিদ্যা, অধিবিদ্যা, নৈতিক দর্শন এবং জ্ঞানতত্ত্ব নিয়ে মুসলিম পণ্ডিতরা ব্যাপক আলোচনা করেন। অনুবাদ আন্দোলনের মাধ্যমে গ্রিক দর্শনের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আরবিতে অনূদিত হলে মুসলিম চিন্তাবিদরা সেগুলো অধ্যয়ন করে ইসলামি বিশ্বদৃষ্টির আলোকে নতুনভাবে ব্যাখ্যা করেন। এর ফলে যুক্তি ও ওহিভিত্তিক জ্ঞানের মধ্যে সমন্বয়ের একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ধারা বিকশিত হয়।

একই সময়ে আল-কিন্দি, আল-ফারাবি এবং ইবন সিনার মতো দার্শনিকরা দর্শন, যুক্তিবিদ্যা ও বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ফলে আব্বাসীয় যুগ দর্শন ও ধর্মতত্ত্বের ক্ষেত্রে এমন এক সমৃদ্ধ ঐতিহ্য সৃষ্টি করে, যা বহু শতাব্দী ধরে বিশ্বজ্ঞানকে প্রভাবিত করেছে।

বাগদাদের পতন ও জ্ঞানচর্চার স্থবিরতা

১২৫৮ খ্রিষ্টাব্দে মঙ্গোলদের বাগদাদ আক্রমণ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে আব্বাসীয় খিলাফতের রাজনৈতিক শক্তির অবসান ঘটে এবং বাগদাদের দীর্ঘস্থায়ী জ্ঞানকেন্দ্রিক স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। এই আক্রমণে বায়তুল হিকমাহসহ অসংখ্য গ্রন্থাগার, শিক্ষাকেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিপুলসংখ্যক মূল্যবান পাণ্ডুলিপি চিরতরে হারিয়ে যায়। ফলে এটি শুধু একটি রাজধানী শহরের পতনই ছিল না; বরং মানবসভ্যতার অন্যতম বৃহৎ জ্ঞানভান্ডার ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের ওপর নেমে আসা এক ভয়াবহ বিপর্যয় ছিল।

তবু বায়তুল হিকমাহর বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য আজও বিশ্বজুড়ে বিদ্যমান। আধুনিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অনুবাদ আন্দোলনের ধারণা অনেকাংশে এ যুগেরই উত্তরাধিকার। বাগদাদের স্বর্ণযুগ আমাদের শেখায় যে জ্ঞানচর্চা যখন উন্মুক্ত, সহযোগিতামূলক এবং বহুসাংস্কৃতিক হয়, তখন তা শুধু একটি সভ্যতাকে নয়, সমগ্র মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।

লেখক : শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন