ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপদ ক্যাম্পাস, অনিয়ম ও দুর্ভোগ প্রতিরোধ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং 'জুলাই বিপ্লবের' আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে ছাত্রশিবির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
শিক্ষার্থীরা নানা স্লোগানে ক্যাম্পাসের চলমান সমস্যা ও প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, অবিলম্বে অনলাইন পেমেন্ট চালু করে ভোগান্তি কমানো, শিক্ষার্থীদের ওপর অযাচিত প্রশাসনিক চাপ বন্ধ করা, সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা, চিকিৎসা কেন্দ্র শতভাগ সংস্কার করা, অতি দ্রুত ইকসু চালু করা এবং ডাইনিং ও খাবার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে।
ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের সত্তা বিসর্জন দিয়ে, প্রশাসনকে কোনো সহযোগিতা হতে পারে না। আইনের দোহাই দিয়ে আপনারা ইকসু গঠনের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অথচ স্বাধীনতার অনেক পরে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের পদক্ষেপ নিয়েছে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন জুলাইয়ের প্রতি শ্রদ্ধা রাখতে পারছে না?
আপনাদের যদি শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা থাকে, তাদের জন্য কাজ করেন তাহলে শিক্ষার্থীরাই আপনাদের চেয়ারে রাখবে না হয় শেখ হাসিনার মতো টেনে চেয়ার থেকে নামিয়ে ছাড়বে। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিন। আপনারা বলছেন আপনারা সেশনজট নিয়ে কাজ করেছেন, অথচ ইবিতে কিছু এমন ডিপার্টমেন্ট ও আছে যেখানে মাত্র দুজন শিক্ষক আছেন। শিক্ষক নিয়োগের বিষয়টিও এখনো দৃশ্যমান হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ফ্যাসিবাদের আমলের সবচেয়ে বড় বলি হয়ে দাঁড়িয়েছেন আমাদের ওয়ালিওল্লাহ এবং আল মোকাদ্দাস ভাই। অথচ প্রশাসন এই দুই ভাইয়ের পরিবারের কোনো খোঁজ নেননি। আমরা যতটুকু দাবি নিয়ে গেছি তখন হয়ত দায়সারা কিছু কাজ দেখিয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করছি সাজিদ হত্যার সুষ্ঠু তদন্ত করুন এবং সেটার সঠিক বিচার করুন। যদি সুষ্ঠু তদন্ত করতে না পারেন তবে শিক্ষার্থীরা মাঠে নামবে এবং তদন্ত নিশ্চিত করে ছাড়বে ইন-শা-আল্লাহ।’
এ ছাড়াও সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্র সংগঠনের (ইকসু) গঠনসহ জুলাইয়ের চেতনা রক্ষার্থে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে জোর দেওয়ার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

