ডাকসু নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি কেমন ছিল

ডাকসু নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি কেমন ছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদের হলগুলোতে ভোটের হার বেশি হলেও ছাত্রী হলগুলোতে তুলনামুলকভাবে ভোট কম পড়েছে।

নির্বাচনে সর্বোচ্চ ৮৮ শতাংশ ভোট পড়েছে মাস্টারদা সূর্য সেন হলে। অন্যদিকে সব থেকে কম ভোট পড়েছে কবি সুফিয়া কামাল হলে। এই হলে ভোট পড়েছে মাত্র ৬৪ শতাংশ।

বিজ্ঞাপন

ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ড দশমিক মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০ দশমিক ২৪ শতাংশ, অমর একুশে হলে ৮৩ দশমিক ৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১ দশমিক ৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২ দশমিক ৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২ দশমিক ৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩ দশমিক ৩৭ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫ দশমিক ০২ শতাংশ, সূর্যসেন হলে ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীম উদদীন হলে ৮৬ শতাংশ, রোকেয়া হলে ৬৫ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮ দশমিক ৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নসো মুজিব হলে ৬৭ দশমিক ০৮ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে।

Amardsh_Vote.
Amardsh_Vote.

সেই হিসেবে ছাত্রদের হলগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৮ শতাংশ ভোট পড়েছে সূর্য সেন হলে আর সর্বনিম্ন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে পড়েছে ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের হলগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে, ৬৮ দশমিক ৩৯ শতাংশ আর সর্বনিম্ন শামসুন নাহার হলে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।

হিসাব বলছে, ছাত্রদের হলগুলোতে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি। আর ছাত্রীদের হলগুলোতে ভোটের হার ৬৫ থেকে ৬৯ শতাংশ। তবে ছাত্রীদের ভোট পড়ার এ হার উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে জানা গেছে, ছাত্রী হলের আবাসিক ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অনাবাসিক ছাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন