পুলিশ নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুলিশ নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফের প্রকাশ্যে এসেছে দলটির অভ্যন্তরীণ বিভাজন। পুলিশ নিরাপত্তায় দুটি পক্ষ পৃথক আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টার দিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীরা পৃথক স্থানে সমাবেশ ও পতাকা উত্তোলন করেন।

হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টুর অনুসারীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের সঙ্গে বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক শোভাযাত্রার ঘোষণাও রয়েছে। জাকারিয়া পিন্টুর অনুসারীরা মঙ্গলবার বিকেলে এবং হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শোভাযাত্রা করবেন বলে জানানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, ‘ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচি থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই তারা কর্মসূচি পালন করবেন তারা।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন