ছয় দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে স্বাগত মিছিল করেছে পৌর জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে এ মিছিল থেকে লংমার্চে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানানো হয়।
বিকেল ৫টায় সীতাকুণ্ড থেকে মিছিলটি বের হয়। পৌর জামায়াতের আমির হাফেজ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
মিছিলে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের, উপজেলা সেক্রেটারি কুতুব উদ্দীন শিবলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজবাউল আলম রাসেল, পৌর জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল এবং সাবেক উপজেলা আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরীসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ছয় দফা গণদাবি আদায়ের আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল থেকে সীতাকুণ্ডকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতের নেতারা। তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্বাগত মিছিলটি সীতাকুণ্ড পৌরসভার সামনে থেকে শুরু হয়ে উত্তর বাজার এলাকা প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

