লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘হাসিনা কিন্তু যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পায়নি, হাসিনা পালিয়ে গেছে। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন ‘আপা আসবে’, আপার কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না। এ চ্যাপ্টার ক্লোজড। যারা আছেন, তারা এলাকায় দু-একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটিয়ে যদি মনে করেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তা হবে না।’
মঙ্গলবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির ব্যানারে দালাল বাজার এলাকায় র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এক ঐতিহাসিক কারণে তিনি রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন। জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। জিয়াউর রহমান কাউকে হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেননি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছেন। ১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, চিকিৎসা ও বাসস্থানের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।’
সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী, জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন ও জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

