সুস্থ থাকতে নিয়মিত হাঁটার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটলে হৃদরোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুস্থতার ঝুঁকি কমতে পারে। তবে শুধু হাঁটাই নয়, কোথায় হাঁটছেন সেটিও গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, ঘরের ভেতরে হাঁটার তুলনায় খোলা পরিবেশে, বিশেষ করে পার্ক বা সবুজে ঘেরা স্থানে হাঁটলে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই বেশি উপকার পাওয়া যায়।
সম্প্রতি ইকোফিজিয়োলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রকৃতির মাঝে হাঁটলে হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করে, হজমশক্তির উন্নতি ঘটায় এবং মানসিক সুস্থতাও বাড়ায়।
মানসিক চাপ কমাতে সহায়ক
সবুজ পরিবেশ, পাখির ডাক, বৃষ্টির শব্দ কিংবা গাছপালার প্রাকৃতিক ঘ্রাণ মানসিক চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ব্রিটেনে ২০ হাজার মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত ১২০ মিনিট প্রকৃতির মাঝে সময় কাটান, তাদের মানসিক স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকে। পাশাপাশি খোলা পরিবেশে হাঁটাহাঁটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, উদ্বেগ কমাতে এবং মানসিক ক্লান্তি দূর করতেও সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে অনিদ্রার সমস্যাও কমতে দেখা যায়।
হরমোনের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা
বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির সংস্পর্শে থাকলে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় হয়। এতে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস-সংশ্লিষ্ট হরমোনের মাত্রা কমতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, জাপানি সাইপ্রেস বা ‘হিনোকি’ গাছের তেলের সুগন্ধ কিছু মানুষের শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা কমাতে এবং রোগপ্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ‘ন্যাচারাল কিলার সেল’-এর পরিমাণ বাড়াতে সহায়তা করেছে। ফলে প্রকৃতির মাঝে সময় কাটানো রোগ প্রতিরোধক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
যেভাবে হাঁটলে বেশি উপকার মিলতে পারে
বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির মাঝে হাঁটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে হাঁটার সময় মোবাইল বা অন্যান্য ব্যস্ততা থেকে দূরে থেকে চারপাশের পরিবেশ উপভোগ করার চেষ্টা করা ভালো। গাছপালা, খোলা আকাশ ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলে মানসিক প্রশান্তি বাড়ে। পাশাপাশি সকালের নরম রোদে কিছু সময় হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে শরীর ভিটামিন ডি উৎপাদনের সুযোগ পায়, যা হাড়ের স্বাস্থ্যসহ শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


