স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার ইনসাফ আল বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকের আওতায়, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সদস্য এবং তাদের পরিবার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে সুনির্দিষ্ট চিকিৎসা সেবায় বিশেষ ছাড়/সুবিধা পাবেন।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিজিএম আব্দুল কাইউম ফয়সাল, এজিএম ও হেড অব কাস্টমার কেয়ার মো. হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার এইচএম দুলাল এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, সেক্রেটারি আতিকুর রহমান, নির্বাহী সদস্য আবু আহমেদ মারুফ, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, মাহবুব এলাহী, নজরুল ইসলাম সহ সোসাইটি ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হসপিটালের ভাইস চেয়ারম্যান বলেন, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।
তিনি বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইনসাফ বারাকাহ হাসপাতালের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং বিশ্বাস করি এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা মানসম্মত চিকিৎসাসেবা সহজে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রমনা থানার অন্তর্ভুক্ত সকল হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগ পাবেন।
উভয়পক্ষ এই অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


