চাঁদাবাজিতে বন্ধ স্পিডবোট, চিকিৎসা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

চাঁদাবাজিতে বন্ধ স্পিডবোট, চিকিৎসা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন

চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া-কুমিরা নৌরুটে আধিপত্য বিস্তার, ঘাট দখল ও চাঁদাবাজির জেরে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চিকিৎসা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটে মারা যান তিনি।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭২) উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।

নিহতের ভাতিজা রেজাউল করিম জানান, সকাল ৯টার দিকে সিরাজ উদ্দিনের শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি সংকটাপন্ন দেখে দ্রুত তাকে চট্টগ্রাম শহরের হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে স্বজনেরা তাকে নিয়ে তড়িঘড়ি গুপ্তছড়া ঘাটে যান। তবে সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো স্পিডবোট পাওয়া যায়নি। এমনকি রোগী একজন বীর মুক্তিযোদ্ধা—এমন পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে পারাপারের অনুরোধ করা সত্ত্বেও স্পিডবোট দেয়নি ঘাট কর্তৃপক্ষ। ফলে ঘাটেই চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, স্পিডবোট ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় কতিপয় বিএনপি নেতার প্রভাব বিস্তারের জের ধরে ঘাটে অচল অবস্থা তৈরি হয়। এর ধারাবাহিকতায় স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আরকে এন্টারপ্রাইজ’ ও ‘আদিল এন্টারপ্রাইজ’ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সেবা বন্ধ করে দেয়। এতে রোগীসহ শত শত সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্পিডবোট সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন জানান, বিষয়টি জানার পরই স্পিডবোট সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, চাঁদাবাজির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন