চট্টগ্রামের পটিয়ায় ওয়াসার অতিরিক্ত বিলে বিপাকে পড়েছেন শত শত গ্রাহক। অনেক গ্রাহকের অভিযোগ, তিন থেকে আট মাস ধরে তাদের পানির মিটার নষ্ট থাকলেও তিন থেকে চারগুণ পর্যন্ত বিল দেওয়া হয়েছে। প্রতিদিন অভিযোগ নিয়ে পটিয়া ওয়াসা কার্যালয়ে ভিড় করছেন গ্রাহকরা। ওয়াসা সূত্র জানিয়েছে, বিভিন্ন অভিযোগে গত এক সপ্তাহে তিন শতাধিক বিল জমা পড়েছে ।
জানা গেছে, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) পটিয়ায় কার্যক্রম শুরু করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এরপর থেকে চলতি মাস পর্যন্ত পৌরসভার আটটি ওয়ার্ডে আড়াই হাজারের বেশি সংযোগ দেওয়া হয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি থেকে গ্রাহকদের কাছে বিল দেওয়া শুরু করে ওয়াসা কর্তৃপক্ষ। এরপর থেকেই অতিরিক্ত বিলের বিষয়ে অভিযোগ আসতে শুরু করে। গত রোববার অফিস খোলার দিন সকালে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবস্থিত ওয়াসা কার্যালয়ে গিয়ে দেখা যায়, অভিযোগ জানাতে আসা গ্রাহকদের ভিড়। চট্টগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দীন জানান, তার বাড়ির ওয়াসার মিটারটি আট মাস ধরে নষ্ট।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহনাজ আক্তার জানান, সংযোগ নেওয়ার পর থেকে তিনি কোনো বিল পাননি। কয়েকদিন আগে তাকে একসঙ্গে ১০ হাজার ৬৮১ টাকার বিল দেওয়া হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামশুল আলম অভিযোগ করে বলেন, সংযোগ নেওয়ার পর অনেকবার ওয়াসা কার্যালয়ে এসে জিজ্ঞাসা করেছি, বিল দেওয়া হচ্ছে না কেন। এক বছর পর আমাকে ১ লাখ ১ হাজার ৭২০ টাকার বিল দেওয়া হয়েছে। গ্রাহকদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে পটিয়া ওয়াসার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া শাকিল জানান, নিচু জায়গায় মিটার বসানোর কারণে অনেক মিটারে পানি ঢুকে নষ্ট হয়েছে। সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিলের বিষয়ে তিনি বলেন, রাজস্ব বিভাগ বিলের বিষয়গুলো দেখে। তারপরও গ্রাহকদের সুবিধাজনকভাবে বিল পরিশোধের সুযোগ দিতে কর্তৃপক্ষকে জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

