চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে মারধরে দিনমজুরের মৃত্যু

চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে মারধরে দিনমজুরের মৃত্যু

পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আব্দুল বারেক উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৯ আগস্ট (শনিবার) সকালে আব্দুল বারেক তার একটি পাঁঠা ছাগলকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ সময় একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি তাকে বাধা দিলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে লাশ ঢাকা ও রাজশাহী থেকে নিজ বাড়িতে পৌঁছালে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন