দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৮৬৮ জন। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ২০১ জনের। এর মধ্যে চলতি মাসের ২৩ দিনে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫২১ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, খুলনায় ২৮০ জন, ময়মনসিংহে ১১৩ জন, রাজশাহীতে ১৫৬ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেটে ৮ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,৫৫৭জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এবছর মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


