নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আজিজুল হক (৮৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে নাস্তা শেষে চা পান করতে জালকুড়ি তালতলা এলাকার একটি দোকানের দিকে যাচ্ছিলেন আজিজুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আমিনুল হক বলেন, প্রতিদিনের মতো সকালের নাস্তার পর বাবা চা পান করতে দোকানে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ এবং মোটরসাইকেলটির চালকের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

