নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক পথচারী ও শাহাদাত হোসেন (৩৫) নামে এক লেগুনা যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় লেগুনার আরেক যাত্রীও আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় রাস্তা পারাপারের সময় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-চাষাড়া সড়কে অজ্ঞাত একটি তেলের লরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্তের মৃত্যু হয়। সে ওই এলাকার প্রাণভল্লব মিষ্টির দোকানের কর্মচারী এবং কুমিল্লার কোতোয়ালি থানাধীন পশ্চিম মাঝি ঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা সংঘটনকারী গাড়িটি সনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সানারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে লেগুনার ধাক্কায় লেগুনার যাত্রী শাহাদাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার পর লেগুনার চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছ। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও লেগুনা উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। নিহত শাহাদাত হোসেনের বিস্তারিত পরিচয় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

